৪ নভেম্বর ২০২৬
সাংবিধানিক অধিকার বাস্তবায়নে আইনের সংস্কার ও জবাবদিহিতার আহ্বান
সংবিধানে স্বীকৃত সমতা, ব্যক্তি স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জীবনের অধিকার বাস্তবে নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা জোরদারের আহ্বান জানিয়েছেন সংবিধান দিবসের আলোচনা সভার বক্তারা।
আজ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবিধানের ৫৪ বছর: অধিকার ও সুরক্ষা: অর্জন ও বাস্তবতা শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যৌথভাবে সভার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সুপ্রীম কোর্ট ল’ইয়ার্স গিল্ড ও বাঙলার পাঠশালা ফাউন্ডেশন। সভা সঞ্চালনা করেন সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন। তিনি সংবিধানের অর্জনগুলো স্বীকার করার পাশাপাশি এর প্রয়োগের ঘাটতি দূর করার ওপর গুরুত্ব দেন।
স্বাগত বক্তব্যে সিটি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বাঙলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ প্রশ্ন তোলেন, ক্ষমতাবানদের মতো সাধারণ মানুষও বিচারব্যবস্থার সমান সুযোগ পাচ্ছেন কি না এবং সাংবিধানিক সুরক্ষার বাইরে কারা থেকে যাচ্ছেন।
সমতা বিষয়ে আলোচনায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের প্রভাষক নুরুন্নাহার ঊর্মি বলেন, সমতার সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নে মানুষের ভিন্ন সামাজিক অবস্থান ও অভিজ্ঞতা বিবেচনায় নিতে হবে। আনুষ্ঠানিক সমতার সীমা অতিক্রম করে নারী, আদিবাসীসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কার্যকর সমতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।
গ্রেপ্তার, আটক ও ব্যক্তি স্বাধীনতা বিষয়ে সুপ্রীম কোর্টের আইনজীবী এম এম খালেকুজ্জামান গ্রেপ্তার ও হেফাজতে নির্যাতনের শিকার ব্যক্তিদের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি ব্যক্তি স্বাধীনতা রক্ষায় সাংবিধানিক সুরক্ষার কার্যকর প্রয়োগ এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দেন।
সুপ্রীম কোর্টের আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী বলেন, মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্য যাচাই করে ঔপনিবেশিক আমলসহ বিদ্যমান আইনগুলো পর্যালোচনা ও সংস্কার করা প্রয়োজন। আইনের প্রয়োগ যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়, তা নিশ্চিত করতে হবে। বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয়তা ও আনুপাতিকতার নীতি অনুসরণের আহ্বান জানান তিনি।
পরিবেশ অধিকারকর্মী ও গবেষক বারীশ হাসান চৌধুরী পরিবেশ সুরক্ষাকে জীবনের অধিকারের সঙ্গে যুক্ত করে দেখার ওপর গুরুত্ব দেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ বিবেচনায় নিয়ে পরিবেশবিষয়ক সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সমাপনী বক্তব্যে সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী বলেন, ১৯৭২ সালের সংবিধান তার সময়ের বিবেচনায় অত্যন্ত প্রগতিশীল। সাংবিধানিক অধিকার সুরক্ষায় মূল সংকট এর যথাযথ প্রয়োগের ঘাটতিতে। সংবিধান সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এর ঐতিহাসিক পটভূমি জানা এবং গভীর গবেষণা করা প্রয়োজন। সংবিধান বলবৎ থাকা অবস্থায় তা সংশোধনের ক্ষেত্রে সংবিধাননির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে। সংবিধানের রক্ষক ও ব্যাখ্যাকারী হিসেবে সুপ্রীম কোর্টের ভূমিকার ওপরও তিনি গুরুত্ব দেন।
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি বোরহান উদ্দিন বলেন, সংবিধান হলো রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে জনগণের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার। বহু সংশোধনের পরও সংবিধানের টিকে থাকা একটি অর্জন; তবে এর বাস্তবায়ন নিয়মিত পর্যালোচনা করতে হবে। নির্যাতন নিষিদ্ধ থাকার পরও বাস্তবে এই সুরক্ষা কতটা মানা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কাউকে গ্রেপ্তার বা কারাগারে পাঠানো হলেও তাঁর মানবিক মর্যাদা কেড়ে নেওয়া যায় না। শ্রমিক, তরুণ ও নারীসহ সবার মৌলিক অধিকার সুরক্ষায় আদালতের ভূমিকার ওপরও তিনি গুরুত্ব দেন।
সভায় ধন্যবাদ জ্ঞাপনকালে খন্দকার শাহরিয়ার শাকির বলেন, সংবিধান ব্যক্তি ও রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করে; রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের অধিকার সুরক্ষা করা। সুপ্রিম কোর্টের নির্দেশনা ও রায় বাস্তবায়নে সরকারকে একটি কার্যকর ব্যবস্থা প্রণয়ন করতে হবে। সরকারের সমালোচনার কারণে কেউ যেন মামলা বা গ্রেপ্তারের শিকার না হন, তা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন। জুলাই ২০২৪-এ উঠে আসা জনগণের আকাঙ্ক্ষার আলোকে সংস্কার উদ্যোগে বাস্তব অগ্রগতি হচ্ছে কি না, তা মূল্যায়নের আহ্বান জানান তিনি।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট
ই-মেইল: communication@blast.org.bd
