২৮ অক্টোবর ২০২৬
ভালুকায় নারী উদ্যোক্তাকে মতপ্রকাশের জেরে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানাচ্ছে ব্লাস্ট ও নারীপক্ষ
ময়মনসিংহের ভালুকায় নারী উদ্যোক্তা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে একাধিকবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ এবং সরকারের সমালোচনা জন্য গ্রেপ্তার হন। উক্ত নারী উদ্যেক্তা আদালত থেকে জামিন পেলেও তাঁর গ্রেপ্তারের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত, দায়ীদের জবাবদিহিতা এবং নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতার কার্যকর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে ব্লাস্ট ও নারীপক্ষ।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৪ বছর ধরে ব্যবসা পরিচালনাকারী উদ্যোক্তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সম্প্রতি একাধিকবার বৈদ্যুতিক তার চুরি হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি ফেসবুক লাইভে সরকারের সমালোচনা করেন এবং নিজের ভোটের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন। তাঁর বক্তব্যের পর স্থানীয় নেতা-কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরবর্তীতে পুলিশ তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় এবং আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তী সময়ে ময়মনসিংহের জুডিশিয়াল মেজিস্ট্রেট ৫০০ টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাক্স্বাধীনতার অধিকার স্বীকৃত। একই সঙ্গে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয়লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
ব্লাস্ট ও নারীপক্ষ নারী উদ্যেক্তার গ্রেপ্তারের আইনগত ভিত্তি, পুলিশের ভূমিকা এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট
ই-মেইল: communication@blast.org.bd
