২৫ অক্টোবর ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

মোবাইল কোর্টের মাধ্যমে গণহারে সাজা প্রদান বন্ধের আহ্বান জানাচ্ছে ব্লাস্ট, এইচআরএসএস, নারীপক্ষ ও সপ্রান

রাজধানীর ভাটারায় গত ২০ অক্টোবর ২০২৬, একটি বাড়িতে অভিযান চালিয়ে মোট ৮৪ জন, যার মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে আটক এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে। ব্যক্তিগত জীবনে অযৌক্তিক হস্তক্ষেপ, মরাল পুলিশিং এবং নাগরিকের স্বাধীনতা, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা এবং যথাযথভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে ব্লাস্ট, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস), নারীপক্ষ ও সপ্রান।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে একটি “ডিজে পার্টিতে” অভিযান চালিয়ে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত: সাজাপ্রাপ্তদের মধ্যে পুরুষদের ১ মাস এবং নারীদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক ও দণ্ড প্রদানের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার বা অধিকার লঙ্ঘন হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সঙ্গে, আটক ব্যক্তিদের ছবি, ভিডিও ও পরিচয়সহ ব্যক্তিগত উপাত্ত বেআইনিভাবে সংগ্রহ, প্রচার ও প্রকাশের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এর প্রযোজ্য বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ায় যাচাই করতে হবে; সামাজিক দৃষ্টিভঙ্গি, অনুমান বা ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ভিত্তিতে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা যাবে না।

বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয়লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ৩৩ অনুচ্ছেদে গ্রেপ্তার ও আটকসংক্রান্ত সুরক্ষার পাশাপাশি আইনজীবীর সঙ্গে পরামর্শ ও তাঁর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার স্বীকৃত। এ ছাড়া ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরিচয় প্রদর্শন, গ্রেপ্তারের কারণ এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যথাসম্ভব গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে তাঁর পছন্দের আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ দেওয়ার বিধান রয়েছে। এসব অধিকারের বাস্তবায়ন নিশ্চিত এবং প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ পৃথকভাবে যাচাই করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট

ই-মেইল: communication@blast.org.bd