১৯ অক্টোবর ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু: নিরপেক্ষ তদন্ত, জবাবদিহিতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি ব্লাস্টের

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় সুমি আক্তার ওরফে মিশু (২৭) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে এবং একই সাথে নিহত শ্রমিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি এ ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, সংশ্লিষ্টদের জবাবদিহিতা, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে কারখানায় শ্রমিকের নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ব্লাস্ট।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১৬ অক্টোবর ২০২৬ (শুক্রবার) আনুমানিক বিকাল ৫টায় আশুলিয়ায় ডেকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আগামী অ্যাপারেলস লিমিটেডে কাজ করার সময় সুমি আক্তার ওরফে মিশু মেশিনে বসা অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন এবং পরে কারখানার মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, অসুস্থ বোধ করায় তিনি ছুটি চেয়েছিলেন, কিন্তু তাকে ছুটি দেওয়া হয়নি এবং সাপ্তাহিক ছুটির দিনেও উৎপাদনের চাপে কাজ করতে হচ্ছিল।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী, নারী শ্রমিকদের বিশেষ কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি, নিরাপদ কর্মপরিবেশ এবং সহিংসতা ও হয়রানি প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।

ব্লাস্টের দাবিসমূহ:

১. নিরপেক্ষ তদন্ত ও অভিযোগ যাচাই: ময়নাতদন্ত ও চিকিৎসা প্রতিবেদনসহ সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত সম্পন্ন করতে হবে। একই সাথে অসুস্থ অবস্থায় ছুটি চাওয়ার পরও ছুটি না দেওয়া, সাপ্তাহিক ছুটির দিনে কাজ করানোর পরিস্থিতি এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করতে কারখানা কর্তৃপক্ষের ভূমিকা যথাযথভাবে তদন্ত করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।

২. সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিতকরণ: সিসিটিভি ফুটেজসহ সব প্রমাণ সংরক্ষণ করা এবং শারীরিক ও মানসিক নির্যাতন, দুর্ব্যবহার বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

৩. সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শন: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই কারখানাসহ পোশাক কারখানাগুলোর শ্রম আইন প্রতিপালন ও কর্মপরিবেশ নিয়মিত পরিদর্শন নিশ্চিত করতে হবে এবং লঙ্ঘন পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

৪. ক্ষতিপূরণ ও পুনর্বাসন: নিহত শ্রমিকের পরিবারকে শ্রম আইন ও আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ দ্রুত প্রদান করতে হবে এবং পরিবারের নির্ভরশীল সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ,

ব্লাস্ট ই-মেইল: communication@blast.org.bd