১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারের উখিয়ার ইনানী–পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে এবং একই সাথে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহিতা, ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ব্লাস্ট।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১৭ অক্টোবর ২০২৬, সকাল ৮টার দিকে ইনানী–পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৯ জন। এ ছাড়াও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে জানা যায়, রিসোর্টটির অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না এবং পূর্বে অগ্নিঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল।
ব্লাস্টের দাবিসমূহ:
১. নিরপেক্ষ তদন্ত: অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং অগ্নিনিরাপত্তা ও উদ্ধারব্যবস্থার ঘাটতি চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।
২. লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা যাচাই: রিসোর্টটির অগ্নিনিরাপত্তা লাইসেন্স, ভবন ব্যবহারের অনুমোদন এবং পূর্ববর্তী অগ্নিঝুঁকি সম্পর্কে সতর্কতার পর গৃহীত পদক্ষেপ যাচাই করতে হবে।
৩. জবাবদিহিতা নিশ্চিতকরণ: দায়িত্ব পালনে অবহেলা বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. জরুরি সেবা জোরদার: আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং নিহতদের পরিচয় শনাক্তকরণ ও মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরসহ জরুরি সহায়তা নিশ্চিত করতে হবে।
৫. নিয়মিত পরিদর্শন: কক্সবাজারসহ দেশের পর্যটনকেন্দ্রগুলোর হোটেল ও রিসোর্টে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরিদর্শন এবং ঝুঁকিপূর্ণ স্থাপনার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. ক্ষতিপূরণ: ক্ষতিগ্রস্থদের জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট
ই-মেইল: communication@blast.org.bd
