১৭ অক্টোবর ২০২৬
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪৪)-কে গত ১৫ অক্টোবর ২০২৬, রাতে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে ব্লাস্ট। অবিলম্বে এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত সকলকে শনাক্ত করে যথাযথ বিচারের দাবি জানাচ্ছে এবং সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান জানাচ্ছে ব্লাস্ট।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার রাতে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দোকানে চা খেয়ে বের হয়ার সময় সাংবাদিক আলিফকে দুই যুবক এসে গুলি করে হত্যা করে। তিনি অনলাইন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১০ নভেম্বরও তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এবং সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে, ব্যক্তিগত বিরোধসহ যে কারণেই কোনো হত্যাকাণ্ড সংঘটিত হোক না কেন, প্রতিটি মানুষের জীবনের অধিকার সুরক্ষা করা এবং সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছে ব্লাস্ট।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট
ই-মেইল: communication@blast.org.bd
