১৬ অক্টোবর ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনার জরুরী ও সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের যথাযথ বিচারের দাবি জানাছে ব্লাস্ট

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮)-কে দফায় দফায় মারধর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পুনরায় হামলা এবং তাঁর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ব্লাস্ট।

এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে হামলার উসকানি, হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তি এবং অনলাইনে হুমকি দেওয়ার পরও সম্ভাব্য হামলা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট সকলের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানাচ্ছে ব্লাস্ট। একই সঙ্গে হুমকির মুখে থাকা ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা ও দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তের আহ্বান জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি, নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা, আইনি সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১২ অক্টোবর ২০২৬, শামীম ও তাঁর স্ত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে ধর্ম অবমাননাকর বক্তব্য রয়েছে এমন অভিযোগ তুলে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন ১৩ অক্টোবর বিকেলে ফজলুল হক আমিনী তাঁর ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) করে শামীমের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন, তাঁর বাড়ির ঠিকানা প্রকাশ করেন এবং উপযুক্ত শাস্তির দাবি জানান। পরবর্তীতে আরেকটি লাইভে তিনি শামীমের চিকিৎসাধীন অবস্থানের সামনে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানান। পরে সেখানে কয়েকশ মানুষ জড়ো হন এবং একপর্যায়ে শামীমকে পল্লিচিকিৎসকের চেম্বার থেকে বের করে একদল পুরুষ দফায় দফায় মারধর করেন। পুলিশ তাঁকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও, রাতে শতাধিক ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে পুনরায় মারধর করেন এবং টেনেহিঁচড়ে হাসপাতালের বাইরে নিয়ে আবারও আঘাত করেন। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওয়াহিদুজ্জামান শামীম মৃত্যুবরণ করেন।

যে কোনো অভিযোগকে কেন্দ্র করে সহিংসতা ও বিচারবহির্ভূত শাস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংসতা আইনের শাসন, মানবাধিকারের সুরক্ষা এবং ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট

ই-মেইল: communication@blast.org.bd