ঢাকা, ১০ অক্টোবর ২০২৬

শোকবার্তা

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ব্লাস্ট এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও প্রথম নির্বাহী পরিচালক, বিশিষ্ট আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক এবং সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ব্লাস্ট পরিবার গভীরভাবে শোকাহত।

ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী ১৯২৯ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও রাষ্ট্রগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে, ১৯৭৩ সালে তিনি জাপান ও জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্লাস্ট পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ব্লাস্ট পরিবারের পক্ষে,

সারা হোসেন

অনারারী নির্বাহী পরিচালক