২৯ সেপ্টেম্বর ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ইউপিএলের বাংলাবাজার শোরুমে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ব্লাস্ট

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি বন্ধের দাবিতে ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর বাংলাবাজার শোরুমে হামলা, কর্মীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে ব্লাস্ট। ব্লাস্ট ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিক্রয়কর্মীদের পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখার অভিযোগে পুলিশের ভূমিকা তদন্তের দাবি জানাচ্ছে। একই সঙ্গে ইউপিএলের কর্মীসহ সকল প্রকাশক ও বইবিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর ২০২৬ এর বিকেলে কয়েকজন ব্যক্তি বাংলাবাজারে ইউপিএল-এর শোরুমে এসে আক্রমণাত্মক আচরণ করেন, শাটার নামিয়ে দেন এবং দুই বিক্রয়কর্মীকে হয়রানি করেন। তাঁদের পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে।

মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত একটি মৌলিক অধিকার। কোনো বইয়ের বক্তব্য বা বিষয়বস্তুর সঙ্গে দ্বিমত, আপত্তি বা সমালোচনা থাকলে তা শান্তিপূর্ণ, যুক্তিনির্ভর ও আইনসম্মত উপায়ে প্রকাশের সুযোগ রয়েছে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হুমকি, চাপ বা বলপ্রয়োগের মাধ্যমে কোনো বইয়ের প্রকাশ, প্রচার বা বিক্রয় বাধাগ্রস্ত করা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। কোনো প্রকাশনা নিষিদ্ধ, প্রত্যাহার বা সীমিত করার প্রয়োজন হলে তা অবশ্যই সুস্পষ্ট আইনি ভিত্তি, যথাযথ প্রক্রিয়া এবং আইনানুগ কর্তৃপক্ষের সিদ্ধান্তের মাধ্যমে হওয়া আবশ্যক।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট

ই-মেইল: communication@blast.org.bd

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সমূহ: