২৭ সেপ্টেম্বর ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, লুটপাট ও ধ্বংসযজ্ঞের সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহিতা ও বিচারের দাবি জানাচ্ছে ব্লাস্ট

ঢাকার মিরপুর-১ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে ব্লাস্ট। স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ধরনের হামলা শুধু একটি প্রতিষ্ঠানের সম্পদ ধ্বংস নয়; এর ফলে বিশেষ করে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ব্লাস্ট এই হামলা, লুটপাট, ভাঙচুর ও ধ্বংসযজ্ঞের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর তদন্ত নিশ্চিত করার দাবি জানাচ্ছে। একইসঙ্গে হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে শনাক্ত করে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রের সম্পদ ও অবকাঠামো পুনঃস্থাপনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে এবং কেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী লুট করে। পরবর্তীতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ১৯৭৪ সাল থেকে মিরপুরের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মাতৃ ও শিশুসেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটিতে শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করা হতো। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এলাকার বিপুলসংখ্যক মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ ব্যাহত হয়েছে।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট

ই-মেইল: communication@blast.org.bd

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সমূহ: