২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার আজিমপুরে এক তরুণী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছে ব্লাস্ট। একই সাথে ভুক্তভোগী ও তাদের পরিবারের নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা এবং সামগ্রিকভাবে গৃহকর্মীদের সুরক্ষায় বাংলাদেশে বিদ্যমান গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫-এর কার্যকর বাস্তবায়নে জরুরী ভিত্তিতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানাচ্ছে ব্লাস্ট।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর চায়না বিল্ডিং এলাকার সরকারি কোয়ার্টারে এক তরুণী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা হয়েছে মর্মে জানা যায়। মামলার এজাহার অনুযায়ী, আর্থিক সংকটের কারণে ওই তরুণী পূর্বপরিচিত লুৎফন নাহারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ঘটনার দিন ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
উক্ত ঘটনা গৃহকর্মীদের নির্যাতন: নিারপত্তাহীনতা এবং সর্বোপরি তাদের অধিকার লঙ্ঘনের ধারাবাহিকতা আবারও সামনে এনেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের আইনি অধিকার নিশ্চিত করেছে। এছাড়াও বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী ২০২৬) অনুযায়ী, গৃহ শ্রমিককে গৃহ পরিচারক হিসেবে অধিকার দেওয়া হয়েছে। তাই কর্মক্ষেত্রে তাদের আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন ও নীতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।
ব্লাস্ট তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট
ইমেইল: communication@blast.org.bd
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:
সিফাত-ই-নূর খানম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট / ব্লাস্ট
মোবাইল: 01749-280078, ই-মেইল: sifat@blast.org.bd
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সমূহ:
- আজিমপুরে গৃহকর্মী ধর্ষণের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি (জাগো নিউজ ২৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬)
- আজিমপুরে গৃহকর্মী ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ব্লাস্টের (চরচা, ২৩ সেপ্টেম্বর ২০২৬)
