২২ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন নিহত: জরুরি ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহিতা এবং
ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি ব্লাস্টের
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের শিল্পপ্রাঙ্গণে গ্যাস সিলিন্ডারবাহী একটি যানবাহনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৮ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ব্লাস্ট। একই সঙ্গে ঘটনার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহিতা, ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও যথাযথ ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দ্রুত, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে। পাশাপাশি ব্লাস্ট নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে এবং অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ৮ জন ব্যক্তি নিহত ও অনুমান ২৫ জন ব্যক্তি আহত হন এবং আশপাশের যানবাহন ও স্থাপনারও ক্ষতি হয়।
আইনি ও বিচারিক প্রেক্ষাপট
অগ্নিকাণ্ড, দাহ্য ও বিপজ্জনক পদার্থের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে মহামান্য হাইকোর্ট ইতোপূর্বে একাধিক মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন।
২০১০ সালের নিমতলী অগ্নিকান্ড ঘটনায় দায়েরকৃত রীট পিটিশনে মহামান্য হাইকোর্ট Rule Nisi জারি করেন। ওই রুলে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, ঘনবসতিপূর্ণ এলাকায় অননুমোদিত গুদাম/কারখানায় দাহ্য, পেট্রোলিয়াম, রাসায়নিক বা বিস্ফোরক পদার্থের ব্যবহার ও সংরক্ষণ নিয়ন্ত্রণ, অনুমোদিত স্থাপনাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, Fire Service and Civil Defence-কে যথাযথভাবে সক্ষম করা এবং ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার বিষয়গুলো উত্থাপিত হয়। বিচারাধীন অবস্থায় আদালত তদন্ত প্রতিবেদন, ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণ এবং নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শনসংক্রান্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন।
ব্লাস্ট-এর দাবিসমূহ:
১. দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন, গ্যাস সিলিন্ডার, ভাল্ভ, রেগুলেটর, পাইপ/হোস, সংযোগব্যবস্থা এবং গ্যাস স্থানান্তর ও সরবরাহের পুরো ব্যবস্থার কারিগরি পরীক্ষা করতে হবে। সংশ্লিষ্ট সিলিন্ডার ও সরঞ্জামের মেয়াদ, পরীক্ষার সনদ, নিবন্ধন, অনুমোদন ও ব্যবহারযোগ্যতা বৈধ ছিল কি না তা যাচাই করতে হবে।
২. গ্যাস সিলিন্ডার পরিবহন, সংরক্ষণ, ভরাট, স্থানান্তর ও ব্যবহারের ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ এবং অন্যান্য প্রযোজ্য বিস্ফোরক, অগ্নি ও কর্মক্ষেত্র-নিরাপত্তা আইন-বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না তা তদন্ত করতে হবে।
৩. কারখানা ও সংশ্লিষ্ট স্থাপনায় শ্রমিক, চালক, পথচারী, স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ঝুঁকি মূল্যায়ন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা, নিরাপদ লোডিং-আনলোডিং এবং দাহ্য/চাপযুক্ত গ্যাস ব্যবস্থাপনার ব্যবস্থা ছিল কি না তা যাচাই করতে হবে।
৪. সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রক সংস্থাগুলো তাদের লাইসেন্স/অনুমোদন প্রদান ও নবায়ন, নিয়মিত পরিদর্শন, নিরাপত্তা তদারকি এবং আইন প্রয়োগের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি না তা নির্ধারণ করতে হবে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারি কর্মকর্তার গাফিলতি, অবহেলা বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রযোজ্য আইনে দ্রুত জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৫. নিহত প্রত্যেক ব্যক্তির পরিবার এবং আহত ও অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষয়ক্ষতি যথাযথভাবে নিরূপণ করে যথাযথ ও কার্যকর ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার সম্পূর্ণ ব্যয়, দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা নিশ্চিত করতে হবে।
৬. ২০১০ সালের নিমতলী অগ্নিকাণ্ড-সংক্রান্ত দায়েরকৃত রীটসহ বিভিন্ন ঘটনায় মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নির্দেশনা সমূহের আলোকে শিল্পাঞ্চল ও জনবহুল এলাকায় গ্যাস সিলিন্ডার ও অন্যান্য দাহ্য/বিপজ্জনক পদার্থ পরিবহন, সংরক্ষণ ও ব্যবহারে নিয়মিত, সমন্বিত ও কার্যকর পরিদর্শন ও পূর্বসতর্কতামূলক ব্যবস্থা জোরদার করতে হবে।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট
ইমেইল: communication@blast.org.bd
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:
সিফাত-ই-নূর খানম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট / ব্লাস্ট
মোবাইল: 01749-280078, ই-মেইল: sifat@blast.org.bd
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সমূহ:
- আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি (জাগো নিউজ ২৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬)
- BLAST demands probe, compensation over Savar explosion (Dhaka Tribune, 22 September 2026)
