২১ সেপ্টেম্বর ২০২৬
সম্প্রতি নির্যাতনজনিত হত্যার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের যথাযথ বিচারের দাবি জানাচ্ছে ব্লাস্ট
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নিখোঁজ শিশুদের কারও মরদেহ মাটিচাপা অবস্থায়, আবার কারও মরদেহ নদী থেকে উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। চলতি বছরে শিশুদের ধর্ষণের পর হত্যা ও শারীরিক নির্যাতনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। শিশুদের নিখোঁজ হওয়া, নির্যাতন ও হত্যার ধারাবাহিক ঘটনায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নির্যাতন করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ব্লাস্ট। হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারের দাবি জানাচ্ছে। এছাড়াও, খুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে মেসে মিল না দিয়ে কাউকে না জানিয়ে ভাত খাওয়া এবং টাকা চুরির অপবাদ দিয়ে মারধর করে হত্যা করেছে। এ ধরনের ঘটনায় অভিযোগের সত্যতা যাচাই, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ব্লাস্ট।
ব্লাস্ট হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। একই সঙ্গে শিশুদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩-এর বিধান যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় সুরক্ষা, বিচার ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে ব্লাস্ট।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট
ই-মেইল: communication@blast.org.bd
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সমূহ:
- নির্যাতনজনিত হত্যার তদন্ত ও বিচার দাবি ব্লাস্টের (বাংলা অ্যাফেয়ার্স, ২১ সেপ্টেম্বর ২০২৬)
- সম্প্রতি দেশে নির্যাতনজনিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে ব্লাস্ট (এজেন্সি বাংলাদেশ প্রেস-এবিপি, ২২ সেপ্টেম্বর ২০২৬)
