২৪ আগস্ট ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

মিটফোর্ড হাসপাতালের মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি) উচ্ছেদ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ: হাইকোর্টের রুল জারি

২৪ আগস্ট ২০২৬, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল), ঢাকার “মিনিয়ালস কোয়ার্টার” (“সুইপার কলোনি”)-এ বসবাসরত বাসিন্দাদের উচ্ছেদের উদ্দেশ্যে জারি করা নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে মাননীয় হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট বিবাদীগণ— স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, ঢাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রতি রুল জারি করেন।

মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি)-এ প্রায় ৬০টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। এসব পরিবারের সদস্যরা মিটফোর্ড হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মী ও সুইপার হিসেবে দায়িত্ব পালন করছেন। উক্ত কোয়ার্টারই তাদের একমাত্র আবাসস্থল ও স্থায়ী ঠিকানা; এটি ছাড়া তাদের অন্য কোনো বিকল্প আবাসনের ব্যবস্থা নেই।

মাননীয় বিচারপতি আহমেদ সোহেল এবং মাননীয় বিচারপতি এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন এবং নির্দেশনা প্রদান করেন।আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট উৎপল বিশ্বাস এবং তাঁকে সহযোগিতা করেন ব্লাস্ট-এর অ্যাডভোকেট বনরূপা রায়।

রুলে জানতে চাওয়া হয়েছে, ০৯ জুলাই ২০২৬ এবং ৩০ জুলাই ২০২৬ তারিখে জারি করা উচ্ছেদ নোটিশসমূহ কেন আইনগত কর্তৃত্ববিহীন ও অকার্যকর ঘোষণা করা হবে না। রুলে জানতে চাওয়া হয়েছে, ০৯ জুলাই ২০২৬ এবং ৩০ জুলাই ২০২৬ তারিখে জারি করা উচ্ছেদ নোটিশসমূহ কেন আইনগত কর্তৃত্ববিহীন ও অকার্যকর ঘোষণা করা হবে না। একইসঙ্গে, মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষকে আবেদনকারীদের ০৪ আগস্ট ২০২৬ তারিখে দাখিলকৃত আবেদনটি, যেখানে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের পক্ষ থেকে উক্ত কোয়ার্টারে বসবাসরত বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়টি উল্লেখ করা হয়েছে, নির্ধারিত ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন ।

রিট পিটিশনে “মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি)”-এ দীর্ঘদিন ধরে বসবাসরত ৫ জন বাসিন্দা ও তাদের সাথে আছেন নাগরিক উদ্যোগ (Nagorik Uddyog), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (ALRD) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

প্রেক্ষাপট :

রিটে ০৯ জুলাই ২০২৬ তারিখে জারি করা স্মারক নং-পরি/সিঃহিঃ/২৬/১৩৫৬১/১(১৬)-এর মাধ্যমে মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি)-এর সকল কর্মচারীর বিষয়ে প্রদত্ত উচ্ছেদ নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। পরবর্তীতে ৩০ জুলাই ২০২৬ তারিখে জারি করা স্মারক নং-পরি/মিঃহাঃ/২৬/১৬২৭৬-এর মাধ্যমে মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি)-এ বসবাসরত হরিজন সম্প্রদায়সহ সকল বাসিন্দাকে ৩০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে ভবন খালি করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বাসা খালি না করলে ৩১ আগস্ট ২০২৬ তারিখে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি উল্লেখ করা হয়।

আবেদনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে মিটফোর্ড হাসপাতালের স্টাফ কোয়ার্টারে বসবাসকারী পরিবারগুলোর উচ্ছেদের ক্ষেত্রে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ফলে তাদের বসবাসের অধিকার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তারা আদালতের শরণাপন্ন হয়েছেন।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ই-মেইল: communication@blast.org.bd

প্রয়োজনে যোগাযোগ করুন:

বনরূপা রায়, স্টাফ ল’ইয়ার, ব্লাস্ট

মোবাইল: 01776601451‬‬‬‬‬

Figure 1 Aerial view of the Area in question

‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬