রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজারের উখিয়া-টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে ব্লাস্ট ও জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR গত ১ সেপ্টেম্বর ২০২৬, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল শুনানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে। আদালতে দীর্ঘ যাতায়াত, নিরাপত্তাজনিত ঝুঁকি, চেকপোস্টে বিলম্ব, চলাচলের সীমাবদ্ধতা এবং ভুক্তভোগী ও সাক্ষীদের সশরীরে আদালতে উপস্থিতি সংক্রান্ত প্রতিবন্ধকতা কমানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
একই দিন বিকেলে, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি ও সুরক্ষা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কক্সবাজারের সায়মান বিচ রিসোর্টের মারিনা হলে। সভায় বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-RRRC, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, ১৪ এপিবিএন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি, UNHCR, ব্লাস্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।









