০১ সেপ্টেম্বর, ২০২৬
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী বিচারপ্রাপ্তি সহজ করতে ভার্চুয়াল শুনানি কার্যক্রম চালু
রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের উখিয়া-টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিচারপ্রাপ্তি আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) যৌথভাবে আজ কক্সবাজার, ০১ সেপ্টেম্বর ২০২৬ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 2W-এ একটি ভার্চুয়াল শুনানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে।
উখিয়ার ক্যাম্প 2W-এ দূরবর্তী শুনানি কেন্দ্রের কার্যক্রম প্রদর্শন এবং উপকারভোগীদের অভিজ্ঞতা বিনিময়ের পর এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমের মাধ্যমে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আদালতে যাতায়াতের দীর্ঘ পথ, নিরাপত্তাজনিত ঝুঁকি, চেকপোস্টে বিলম্ব, চলাচলের সীমাবদ্ধতা এবং ভুক্তভোগী ও সাক্ষীদের আদালতে উপস্থিতির মতো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, কক্সবাজার জেলা আদালত থেকে উখিয়ার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার এবং টেকনাফের দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার।
ভার্চুয়াল কোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট- এর রেজিস্ট্রার জেনারেল জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব খাদেমুল কায়েস, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মঞ্জুরুল হোসেন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার জনাব নাজমুল ইসলাম ভূঁইয়া, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জনাব অভিজিৎ চৌধুরী। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন রোহিঙ্গা বিচারপ্রার্থীরা এবং ইউএনএইচসিআর ও ব্লাস্টের প্রতিনিধিবৃন্দ।
প্রেক্ষাপট:
২০২৫ সালের অক্টোবর মাসে জেলা বিচার বিভাগ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (RRRC), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn), জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)- এর প্রতিনিধিরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করে শরণার্থীদের আদালতে বিচারপ্রাপ্তির প্রধান সমস্যাগুলো সম্পর্কে প্রতিকারের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। পরবর্তী সময়ে বিচার বিভাগ, RRRC, সরকারি কৌঁসুলি, সংশ্লিষ্ট আইনজীবী, UNHCR, BRAC ও BLAST- এর অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনায় ভার্চুয়াল শুনানি, সম্ভাব্য চৌকি আদালত, সাক্ষ্য দেওয়ার জন্য সিআইসি কার্যালয়কে নিরাপদ স্থান হিসেবে ব্যবহার এবং ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় শরণার্থীদের স্বশরীরে উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া নিয়ে আলোচনা হয়।
২০২৫ সালের নভেম্বর মাসে কক্সবাজারে অনুষ্ঠিত একটি জাতীয় পর্যায়ের কর্মশালায়ও উখিয়া-টেকনাফে ভার্চুয়াল শুনানি এবং আদালত ও আইনগত সহায়তা সেবা আরও সহজলভ্য করার বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়।
২০২৬ সালে BLAST ও UNHCR এসব আলোচনা থেকে বাস্তবায়নের দিকে এগিয়ে যায়। কক্সবাজারের জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উখিয়া-টেকনাফ ম্যাজিস্ট্রেট আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩- এর মাধ্যমে কার্যক্রমটি পরীক্ষামূলকভাবে চালুর বিষয়ে সম্মতি দেন। ১৭ জুন ২০২৬ তারিখে UNHCR, BLAST ও RRRC- এর ত্রিপক্ষীয় সমন্বয় সভায় শিবির ভিত্তিক দূরবর্তী শুনানি কেন্দ্র চালুর বিষয়ে ঐকমত্য হয়। এর ধারাবাহিকতায় ২৮ জুলাই ২০২৬ সংশ্লিষ্ট আদালতের আদেশ অনুযায়ী একটি পরীক্ষামূলক ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হয়। চার বছর ধরে ওয়ারেন্ট ও অভিযোগ গঠনের পর্যায়ে আটকে থাকা একটি মামলায় ওই শুনানিতে অভিযোগ গঠন সম্পন্ন হয়।
স্থানীয় জনগোষ্ঠীর ক্ষেত্রেও এই কার্যক্রম গুরুত্বপূর্ণ। উখিয়া ও টেকনাফের দূরবর্তী এলাকার মানুষ আদালতে না গিয়েও নির্দিষ্ট বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। এর ফলে স্থানীয় আদালতের ওপর চাপ কমাতেও সহায়তা করতে পারে।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট
ই-মেইল: communication@blast.org.bd
প্রয়োজনে আরও তথ্যের জন্য যোগাযোগ করুন-
মানিক বিশ্বাস, সহকারী পরিচালক- প্রোগ্রাম, ব্লাস্ট। মোবাইল: ০১৭৬৮-৭৭৫০০৬
