১৩ আগস্ট ২০২৬
সড়কে যানবাহনের সংঘর্ষে ভুক্তভোগীদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি জানাচ্ছে ব্লাস্ট
ব্লাস্ট গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীর মিশুক সহ তাদের তিন সহকর্মী ওয়াসিম, জামাল এবং মোস্তাফিজুর রহমান যারা ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়কে যানবাহনের সংঘর্ষে নিহত হন। তাঁদের প্রাণ কেড়ে নেওয়া এই সংঘর্ষের ১৫তম বার্ষিকীতে ব্লাস্ট সকল সড়কে যানবাহনের সংঘর্ষে ভুক্তভোগী ব্যক্তিদের জন্য দ্রুত ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করছে। একইসঙ্গে সড়কে যানবাহনের সংঘর্ষ সংক্রান্ত তথ্য প্রকাশ, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত বিচার (ফাস্ট-ট্র্যাকিং) ও মামলা ব্যবস্থাপনা সংক্রান্ত উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে ব্লাস্ট। ২০২৬ সালের জুলাই পর্যন্ত সড়কে যানবাহনের সংঘর্ষে “৩,৩০৭” জনের অধিক নিহতের ঘটনায় উদ্বেগ জানাচ্ছে ব্লাস্ট।
১২ আগস্ট ২০২৬, সড়কে যানবাহনের সংঘর্ষে নিহতদের স্মরণে এবং ভুক্তভোগীদের যথাযত ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থিত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতিস্তম্ভে তাঁদের পরিবারের সদস্য, জাগরী, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), নিরাপদ সড়ক চাই এর প্রতিনিধি সহ আইনজীবী, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ব্লাস্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৩ আগস্ট ২০২৬, তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ সড়কে যানবাহনের সংঘর্ষে নিহতের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
ব্লাস্ট দাবি জানাচ্ছে যে-
সড়কে যানবাহনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য “সড়ক পরিবহন আইন, ২০১৮” এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় প্রদত্ত অর্থকে কেবল ‘অনুদান’ বা ‘আর্থিক সহায়তা’ হিসেবে নয়, বরং তাঁদের প্রাপ্য যথাযথ ক্ষতিপূরণ হিসেবে বিবেচনা করার এবং ক্ষতিপূরণের পরিমান বাস্তবসম্মত ও ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পুনর্নির্ধারণ করতে;
নিহত ব্যক্তির উত্তরাধিকারী বা বৈধ প্রতিনিধি এবং আহত ব্যক্তির ক্ষতিপূরণ পাওয়ার আবেদন প্রক্রিয়া সহজ, দ্রুত, স্বচ্ছ ও ভুক্তভোগীবান্ধব করতে; এবং
সড়কে যানবাহনের সংঘর্ষ প্রতিরোধে কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ, সড়ক নিরাপত্তা সংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং সড়কে যানবাহনের সংঘর্ষে ভুক্তভোগী ব্যক্তি ও তাঁদের পরিবারের ন্যায়বিচার ও প্রতিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছে।
প্রেক্ষাপট:
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের সংঘর্ষে “কাগজের ফুল”- চলচ্চিত্রের নির্মাতা ও কলাকুশলীদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গাগামী একটি বাসের (চুয়াডাঙ্গা ডিলাক্স) সংঘর্ষ হয় এবং পাঁচ জন নিহত হন, তাঁদের মধ্যে ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, চিত্রগ্রাহক মিশুক মুনীর এবং কলাকুশলী ওয়াসিম ও জামাল সহ মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান। আহত হন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ঢালী আল-মামুন, প্রখ্যাত চিত্রশিল্পী দিলারা বেগম জলি এবং চলচ্চিত্র উৎপাদন সহকারী সাইদুল ইসলাম।
এ ঘটনার প্রেক্ষিতে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, মা নুরুন্নাহার এবং একমাত্র সন্তান নিশাদ বিংহাম মাসুদের করা ক্ষতিপূরণ মামলায় বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০১৭ সালের ৩ ডিসেম্বর এক যুগান্তকারী রায়ে মোট ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন; আদালত বাসচালককে সংঘর্ষের জন্য সরাসরি দায়ী এবং বাসের মালিক ও পরিচালনাকারীদের দায়বদ্ধ বলে সিদ্ধান্ত দেন। এই রায়ের বিরুদ্ধে বাসমালিকপক্ষ ও বাদীপক্ষ পৃথক আপিল করেন এবং সর্বশেষ প্রকাশিত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী আপিলগুলো আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী (মঞ্জুলী কাজী) ও ছেলে সুহৃদ মুনীরের করা পৃথক ক্ষতিপূরণ মামলাটি হাইকোর্টে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে; ২০২৩ সালে বিবাদীপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য ১৬ আগস্ট ২০২৩ দিন ধার্য হয়েছিল।
পরবর্তীতে ২০১৮ সালে সড়ক পরিবহন আইন প্রণীত হয়, যা আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ রহিত করে দেয়। এর আগে সড়কে যানবাহনের সংঘর্ষে মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে সাংবাদিক মোজাম্মেল হোসেনের মামলাটি উল্লেখযোগ্য। এ ছাড়া ২০১৮ সালে বিমানবন্দর সড়কে কুর্মিটোলায় বাসের ধাক্কায় নিহত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজিবের ক্ষেত্রেও হাইকোর্ট রিট আবেদনের ভিত্তিতে প্রাথমিক শুনানিতে প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়।
উল্লেখ্য, সড়কে যানবাহনের এ সংঘর্ষের পরপরই ১৪ আগস্ট ২০১১ তারিখে অ্যাডভোকেট জেড আই খান পান্না, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এবং অ্যাডভোকেট শাহনাজ বাবলী ও অ্যাডভোকেট আবন্তী নুরুল, সড়ক ও মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিতকরণে নিয়মিত তদারকি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং সড়কে যানবাহনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের লক্ষ্যে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন নং ৭৪০১/২০১১ দায়ের করেন। পরবর্তীতে অভিনেত্রী ও সমাজকর্মী রোকেয়া প্রাচী এবং “নিরাপদ সড়ক চাই” সংগঠনকে ইন্টারভেনর হিসেবে মামলায় যুক্ত করা হয়। আবেদনকারীগণের পক্ষে বর্তমানে ব্লাস্ট মামলাটি পরিচালনা করছে। মামলাটি বর্তমানে হাইকোর্টের মূল ভবনের কোর্ট নং ১৪-তে শুনানির অপেক্ষায় রয়েছে রয়েছে।
বার্তা প্রেরক:
মুসফিকুর রহমান মারুফ, সমন্বয়কারী- কমিউনিকেশন, ব্লাস্ট
মোবাইল: ০১৫৫২-৩২৪৩৭৬; ই-মেইল: communication@blast.org.bd
প্রকাশিত সংবাদ সমূহ:
বাংলা:
তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন, ১৫ বছরেও শেষ হয়নি ক্ষতিপূরণের লড়াই (দৈনিক প্রথম আলো, ১৪ আগস্ট ২০২৬)
তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকীতে ব্লাস্টের শ্রদ্ধা (দৈনিক সমকাল, ১৩ আগস্ট ২০২৬)
সড়কে যানবাহনের সংঘর্ষে ভুক্তভোগীদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি ব্লাস্টের (আজকের পত্রিকা, ১২ আগস্ট ২০২৬)
তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বালন, ব্লাস্টের তিন দাবি (বাংলা ট্রিবিউন, ১৩ আগস্ট ২০২৬)
তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বলন (আজকের পত্রিকা, ১৪ আগস্ট ২০২৬)
তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বালন (সিজেডএন টোয়েন্টিফোর, ১৪ আগস্ট ২০২৬)
সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের (দৈনিক যায়যায়দিন, ১৩ আগস্ট ২০২৬)
সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের (কুইকনিউজ বিডি, ১৩ আগস্ট ২০২৬)
সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের (বাহান্ন নিউজ ডট কম, ১৩ আগস্ট ২০২৬)
বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু জীবন এখানে অনেক সস্তা”-ব্যারিস্টার সারা হোসেন (দৈনিক গণমানুষের আওয়াজ, ১২ আগস্ট ২০২৬)
সড়কে মৃত্যু থামাতে হবে, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, থাকতে হবে বীমার ব্যবস্থা (এজেন্সি বাংলাদেশ প্রেস-এবিপি, ১২ আগস্ট ২০২৬)
সড়কে দুর্ঘটনায় হতাহতদের যথাযথ ক্ষতিপূরণের দাবি ব্লাস্টের (এজেন্সি বাংলাদেশ প্রেস-এবিপি, ১৪ আগস্ট ২০২৬)
ইংরেজি:
A loss still felt 15 years on- BLAST calls for compensation for crash victims, stronger measures to prevent such tragedies (The Daily Star,14 August 2026)
Candlelight vigil for Tareque Masud, Mishuk Munier; BLAST raises 3 demands (Dhaka Tribune, 13 August 2026)
BLAST, DUFS commemorate 15th death anniversary of Tareque Masud, Mishuk Munier (UNB News, 13 August 2026)
টিভি/ ইউটিউব:
সড়ক দু*র্ঘ*ট*না*য় ক্ষতিগ্রস্তদের দ্রুত ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি (এটিএন বাংলা নিউজ, ১৪ আগস্ট ২০২৬)
সড়ক দুর্ঘটনা নিয়ে উদাসীনতা তৈরি হয় কারণ দুর্নীতির চক্র এর মধ্যে থাকে (চরচা, ১২ আগস্ট ২০২৬)
প্রদীপ জ্বালিয়ে তারেক মাসুদ, মিশুক মুনীরকে স্মরণ (সংবাদ, ১৩ আগস্ট ২০২৬)
