২৪ জুন ২০২৬
ডিবি হেফাজতে ছাত্রের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী তদন্তের দাবি জানাচ্ছে ব্লাস্ট
ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের পিটুনিতে অসুস্থ হয়ে মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত (২৭) নামে একজন ছাত্রের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানাচ্ছে ব্লাস্ট। ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৭৪ (অপমৃত্যু, আত্মহত্যা বা সন্দেহজনক মৃত্যুর তদন্ত এবং সুরতহাল প্রতিবেদন বিষয়ে) ও নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩- ধারা ৮ (অপরাধের তদন্ত) তে উল্লেখিত নির্ধারিত সময়সীমা (অভিযোগ লিপিবদ্ধ হওয়ার তারিখ হতে পরবর্তী ৯০ কার্যদিবস)- ও বিধান মেনে তদন্ত সম্পন্ন করার দাবী জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি ভুক্তভোগীর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছে ব্লাস্ট।
আগামী ২৬ জুন, আন্তর্জাতিক নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সমর্থন দিবসে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ কে দ্রুত সময়ে আইন হিসেবে বলবৎ করার জন্য জোরালো দাবি জানাচ্ছে। একইসাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে সংঘটিত সকল নির্যাতনের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত এবং ভুক্তভোগী ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানাচ্ছে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ২০ জুন প্রান্তকে আটক করে ডিবি এবং তাঁকে তাঁর মায়ের সামনেই পেটানো হয়, বলে স্বজনদের অভিযোগ। তারপরে তাকে গাড়িতে তুলে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়। তার পরিবারের সদস্যের দাবী, পরিবারের সদস্যরা মধুখালী থানা, ডিবি পুলিশসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে প্রান্তের কোন খোজ পায়নি। পরবর্তীতে ২২ জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রান্ত মারা যান বলে তার পরিবার জানতে পারে।সম্প্রতি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির ২০২৬ সালের প্রথম তিন মাসের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে ৩৯ জন কারাবন্দীর হেফাজতে মৃত্যু ঘটেছে, যাদের মধ্যে ২৩ জন বিচারাধীন ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এ ধরনের নির্যাতন বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ২৭ (আইনের দৃষ্টিতে সমতা), ৩১ (আইনের আশ্রয়-লাভের অধিকার), ৩২ ( জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ), ৩৩ (গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ) এবং ৩৫ (বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ) সমূহের সুস্পষ্ট লঙ্ঘন। একইসাথে, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ অনুসারে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি, ১৯৯৮ সালের অনুসাক্ষরিত নির্যাতনের এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক, শাস্তির অবমাননাকর আচরণ বিরুদ্ধে সনদ (UNCAT) এরও পরিপন্থি।
সম্প্রতি হেফাজতে নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা লঞ্ছনাকর আচরণ প্রতিরোধে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ এ কিছু যুগান্তকারী পদক্ষেপের কথা বলা হয়েছে, যার মধ্যে ৩৪ ধারা অনুযায়ী, নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা লাঞ্ছনাকর আচরণ এবং দণ্ডবিরোধী সনদের ঐচ্ছিক প্রটোকল বাস্তবায়নের উদ্দেশ্যে একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বিভাগ (National Preventive Mechanism Division) গঠনের কথা বলা হয়েছে। উক্ত বিভাগের মাধ্যমে একটি কাঠামোগত তদারকির এবং জবাবদিহিতার ব্যবস্থা রাখা হয়েছে যা এ ধরনের নির্যাতনকে প্রতিরোধ করতে সুদুরপ্রসারী ভূমিকা রাখবে বলে ব্লাস্ট বিশ্বাস করে। সেই সাথে বিদ্যমান নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর কার্যকরী বাস্তবায়নের মাধ্যমে হেফাজতে সংঘটিত সকল নির্যাতনের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত এবং ভুক্তভোগী ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও ন্যায় বিচার নিশ্চিতের জোরালো দাবি জানাচ্ছে।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট
ই-মেইল: communication@blast.org.bd
Media Coverage:
(Bangla News)
- ডিবি হেফাজতে ছাত্রের মৃত্যুর ঘটনায় জরুরি তদন্ত দাবি ব্লাস্টের ( Daily Kirtonkhola, 25 June 2026)
