২৩ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

গৃহকর্মীদের নির্যাতন ও মৃত্যুর ঘটনায় জরুরী তদন্তের দাবি জানাচ্ছে ব্লাস্ট

ঢাকার ধানমন্ডির রিক্তা মণি নামের একজন কন্যা শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, এবং খুলনায় একজন নারী গৃহকর্মীর ওপর নৃশংস নির্যাতনের অভিযোগের দ্রুত, নিরপেক্ষ, ও সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছে ব্লাস্ট। সেই সাথে ভুক্তভোগী ও তাদের পরিবারের নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা এবং সামগ্রিকভাবে শিশু ও গৃহকর্মীদের সুরক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর প্রয়োগের ক্ষেত্রে জরুরী এবং সমন্বিত উদ্যোগের আহ্বান জানাচ্ছে ব্লাস্ট।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৯ জুন ধানমন্ডিতে একটি বাসা থেকে ৯ বছর বয়সী রিক্তা মণি নামের একজন শিশু গৃহকর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করে। তার পরিবারের অভিযোগ অনুযায়ী, তাকে ভবন থেকে ফেলে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত শিশু গৃহকর্মী রিক্তা মণির বাবা ধানমন্ডি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন, যা বর্তমানে তদন্তাধীন। অপর একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, খুলনার সোনাডাঙ্গা এলাকায় গৃহকর্মী মিলন দাসের (২২) ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে, পুলিশ দম্পতি গ্রেফতার হয়েছে।

এ সকল ঘটনাগুলো গৃহকর্মী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদার অবজ্ঞা এবং তাদের মৌলিক অধিকার গুরুতর লঙ্ঘনের বিষয়টি আবারও সামনে এনেছে। বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের জীবন ও মর্যাদার সমান সুরক্ষা নিশ্চিত করেছে এবং সেইখানে সব ধরণের নিষ্ঠুর ও অমানবিক শাস্তি বা আচরণকে নিষিদ্ধ করেছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (২০২৬ সংশোধনী অনুযায়ী) গৃহ শ্রমিককে গৃহ পরিচারক হিসেবে অধিকার দেওয়া হয়েছে। একইসাথে বাংলাদেশে ১৪ বছরের কম বয়সী শিশুদের গৃহকর্মী হিসেবে নিয়োগ- গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ এর পরিপন্থী।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট

ই-মেইল: communication@blast.org.bd

আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:

সিফাত-ই-নূর খানম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট / ব্লাস্ট

মোবাইল: ০১৭৪৯-২৮০০৭৮, ইমেইল Sifat@blast.org.bd