৩১ মে, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জ এর ফতুল্লায় ৬ বছরের কন্যা শিশুর ধর্ষণের অভিযোগের দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার এর পাশাপাশি অভিযুক্ত এক যুবককে পিটিয়ে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী-ধর্ষণ আইন সংস্কার জোট

সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজনের মারধরের পর গত ২৮ মে ২০২৬ তারিখ ওই অভিযুক্ত ব্যক্তি হিরুর মৃত্যু হয়েছে। এভাবে আইন নিজের হতে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে ধর্ষণ আইন সংস্কার জোট। একইসাথে, ধর্ষনের অভিযোগের পাশাপাশি এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছে এ জোট। পাশাপাশি, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সঠিক প্রয়োগসহ ধর্ষনে ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে এ জোট।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (দি ডেইলি স্টার বাংলা)(যুগান্তর) হতে জানা যায় যে, গত ২২ মে ২০২৬ তারিখ বিকেলে ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের হিরুর (২১) বিরুদ্ধে। রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে পিটুনি দিলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করে পুলিশ।

ধর্ষণের ঘটনার পরদিন শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন যেখানে হিরুকে প্রধান আসামি এবং ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে একই এলাকার মো. সোহেলকে দুই নম্বর আসামি করা হয়। ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মে ২০২৬ তারিখ হিরুর মৃত্যু হয়েছে।

পাশাপাশি অপর একটি প্রতিবেদন হতে জানা যায় যে, গত ২১ মে ২০২৬ তারিখে চট্টগ্রামের বাকলিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন নামের এক ডেকোরেশন কর্মচারীকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে আটক করে।

রাষ্ট্রের সব ধরনের সহিংসতা থেকে প্রতিটি নাগরিকের বিশেষত নারী ও শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি বাধ্যতামূলক দায়িত্ব। কোন নাগরিকের প্রতি এ ধরনের গণপিটুনি ও নৃশংস হত্যাকাণ্ড দেশে বিদ্যমান দণ্ডবিধির অধীনে একটি শাস্তিযোগ্য অপরাধ। সাম্প্রতিক সময়ে সংঘটিত এ ধরনের সহিংসতার ঘটনা সমূহের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানাচ্ছে ধর্ষণ আইন সংস্কার জোট। একইসাথে, এ ধরণের সহিংসতার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে দেশে আইনের শাসন ও ভুক্তভোগীর ন্যায়বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আবেদন জানাচ্ছে এ জোট।

প্রয়োজনে যোগাযোগ করুন

ধর্ষণ আইন সংস্কার জোট এর সচিবালয়ের পক্ষে

এডভোকেট আয়েশা আক্তার, ফোকাল, ধর্ষণ আইন সংস্কার জোট এবং

লিগ্যাল স্পেশালিষ্ট, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

মোবাইল নং: +880 1728-978465 । ই-মেইল: communication@blast.org.bd

আরো তথ্য জানতে দেখুন –

Web: https://blast.org.bd/campaigns/rape-law-reform-now/

Log for Facebook Here: https://www.facebook.com/rapelawreformcoalition