০৬ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জাতীয় মানবাধিকার কমিশন ও বিচার বিভাগ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির সুপারিশে ব্লাস্টের গভীর উদ্বেগ

সংসদীয় বিশেষ কমিটির সাম্প্রতিক প্রতিবেদনে জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত তিনটি অধ্যাদেশ ও তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ বিল আকারে সংসদে না উত্থাপন করার সিধান্ত এবং বিচার বিভাগ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুটি অধ্যাদেশ, যথা সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এবং সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ রহিত করার সুপারিশে ব্লাস্ট গভীর উদ্বেগ জানাচ্ছে। ব্লাস্ট জোরালো ভাবে দাবি জানাচ্ছে যে, উক্ত অধ্যাদেশসমূহ হুবহু বিল আকারে সংসদে উত্থাপন করে প্রয়োজনীয় পর্যালোচনা ও সংশোধন সম্পন্ন করে অবিলম্বে আইনে পরিণত করা হোক।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত তিনটি অধ্যাদেশ ও তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ যাচাই-বাছাইয়ের অজুহাতে বিল আকারে সংসদে না উত্থাপন করার সুপারিশ করা হয়েছে, যার ফলে এ অধ্যাদেশসমূহ স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারাবে। একই সঙ্গে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও প্রশাসনিক স্বাধীনতার সাথে সংশ্লিষ্ট সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ রহিত করার সুপারিশ করা হয়েছে।

আমরা মনে করি, এসকল অধ্যাদেশ দেশের মানবাধিকার সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষত, জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকারিতা জোরদার করা এবং বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য উক্ত অধ্যাদেশসমূহকে যথাযথ গুরুত্ব দিয়ে আইনে পরিণত করা অপরিহার্য।

ব্লাস্ট জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য অধিকার সংক্রান্ত অধ্যাদেশসমূহ দ্রুত সংসদে উত্থাপন করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে আইনে পরিণত করা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয়-সংক্রান্ত অধ্যাদেশসমূহ রহিত না করে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় পর্যালোচনার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট আইনগত কাঠামো দ্রুত চূড়ান্ত করার জন্য জাতীয় সংসদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।

এছাড়া, সংসদীয় বিশেষ কমিটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং Code of Criminal Procedure (Second Amendment) Ordinance, 2025 সংশোধিত আকারে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। ব্লাস্ট আশা করে, এই দুই অধ্যাদেশ সংশোধনের ক্ষেত্রে নাগরিক সমাজ, অধিকারকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রস্তাবনা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ই-মেইল: communication@blast.org.bd