২৫ মার্চ ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি
সোহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে:
আজ ২৫ মার্চ, বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে ব্লাস্ট, একইসাথে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত, কর্তৃপক্ষের জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছে ব্লাস্ট।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটিতে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় ইতোমধ্যে ২ জন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্লাস্ট এ মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করছে এবং যাত্রীদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি আহ্বান জানাচ্ছে। সেই সাথে উক্ত ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি ও কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, উদ্ধার কার্যক্রম জোরদার ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করা, নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং ফেরিঘাট ব্যবস্থাপনায় নিরাপত্তা প্রোটোকল জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা না হলে এ ধরনের দুর্ঘটনা অব্যাহত থাকবে। তাই সড়ক ও নদীপথ ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে ব্লাস্ট।
উল্লেখ যে, ২০০৩ সালে মেঘনা নদীতে এমভি নাসরিন-১ লঞ্চডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের লক্ষ্যে ব্লাস্ট ২০০৪ সালে মামলা দায়ের করে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্ট নিহতদের পরিবারকে ১৭ কোটি ১১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
ই-মেইল: communication@blast.org.bd
