১৪ মার্চ ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায় যে, ১২ মার্চ, বৃহস্পতিবার বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর–কনে ও শিশুসহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে। একইসাথে, ব্লাস্ট অবহেলাজনিত এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, দায়ী কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত এবং ভুক্তভোগী ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছে।
উল্লেখ্য যে, সড়কে জনগণের নিরাপদ চলাচল নিশ্চিতের লক্ষ্যে ২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহন আইনের সুষ্ঠু বাস্তবায়ন অদ্যাবধি নিশ্চিত করা সম্ভব হয়নি। একইসাথে, এ আইনে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য যে ক্ষতিপূরণ তহবিলের উল্লেখ রয়েছে, তার কার্যকর প্রয়োগ প্রয়োজন।
এছাড়াও সড়ক ব্যবস্থাপনায় নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি জোরদারের পাশাপাশি দেশের সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হল কিছু বড় পরিবহন কোম্পানির অতি মুনাফাকেন্দ্রিক ব্যবসায়িক চর্চা, যার ফলে চালকদের ওপর অতিরিক্ত চাপ, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং যানবাহনের রক্ষণাবেক্ষণে অবহেলা দেখা যায়। এ ধরনের অনিয়ন্ত্রিত ব্যবসায়িক কার্যক্রম সড়ক নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলছে। তাই এসব কোম্পানিকে নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার ক্ষেত্রে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানাচ্ছে ব্লাস্ট।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
ই-মেইল: communication@blast.org.bd
