০৮ মার্চ ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ধর্ষণসহ সকল প্রকার যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির সার্বিক সুরক্ষা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে প্রয়োজনীয় সংশোধনী সংযোজনপূর্বক সংশ্লিষ্ট অধ্যাদেশসমূহকে দ্রুত আইনে রূপান্তরের জোরালো দাবি জানাচ্ছে ব্লাস্ট

আজ ০৮ মার্চ ২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ধর্ষণসহ নারী ও শিশুর প্রতি সকল প্রকার যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতার ভুক্তভোগী ব্যক্তির সার্বিক সুরক্ষা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে প্রয়োজনীয় সংশোধনী সংযোজনপূর্বক সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর দ্রুত আইনে রূপান্তরের দাবি জানাচ্ছে ব্লাস্ট।

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান:

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক বছরে নারী ও শিশু নির্যাতন আইনের মামলার সংখ্যা ২৫% এবং ধর্ষণের মামলা ২৭% বেড়েছে। ২০২৫ সালে নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা ১৭,৫৬১ থেকে বেড়ে ২১,৬৩৭ দাঁড়িয়েছে, যার মধ্যে ধর্ষণের মামলা ছিল ৭,০৬৮টি। ভুক্তভোগীদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী ৫,১৭১ জন এবং শিশু ১,৮৯৭ জন। গত পাঁচ বছরে নারী নির্যাতনের মামলা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে ধর্ষণের অভিযোগ মোট মামলার প্রায় এক-তৃতীয়াংশ।

এমতাবস্থায় অভিযোগের সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগী ও তার পরিবার এবং সাক্ষীদের সুরক্ষা, জরুরি স্বাস্থ্য ও মানসিক সেবা প্রদান, দ্রুত বিচার এবং ভুক্তভোগীর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা দাবি জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি, যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতায় ভুক্তভোগীদের সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের জবাবদিহিতা নিশ্চিতের আবেদন জানাচ্ছে ব্লাস্ট।

ধর্ষণ আইন সংস্কার জোট- ১০ দফা দাবি:

একইসাথে, মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে ধর্ষণের সংজ্ঞা বৈষম্যহীনভাবে সম্প্রসারণ করা; ধর্ষণের ভুক্তভোগী প্রতিবন্ধী ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করা, ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানাচ্ছে। ধর্ষণ মামলায় অভিযোগকারী র্ধষণ অপরাধে ভুক্তভোগী ব্যক্তির চরিত্রগত সাক্ষ্যের ব্যবহার সর্ম্পূণ নিষিদ্ধ করে সাক্ষ্য (সংশোধিত) আইন, ২০২২ এর ১৪৬ (৩) ও ১৫১ ধারা সমূহের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা এবং যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতায় ভুক্তভোগী নারী অভিযোগকারীর উপর দুই আঙ্গুলি পরীক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা সম্বলিত রায়ের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিতের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা প্রয়োজনীয় কর্মকৌশল গ্রহণ এবং একইসাথে, স্বাস্থ্য সেবা, বিচার বিভাগ (বিচারক, প্রসিকিউটর, আইনজীবী) এবং বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট অংশিদারজনদের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন নিশ্চিতের প্রতি গুরুত্ব আরোপ করছে ব্লাস্ট।

বিশ্ববিদ্যালয়ে পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান:

উল্লেখ্য যে, হাইকোর্টে দায়েরকৃত এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নারী পুরুষ নির্বিশেষে সকল শিক্ষার্থীদের লিঙ্গ, বৈবাহিক অবস্থা ও স্বাস্থ্যগত অবস্থা বিষয়ক বিদ্যমান বৈষম্যমূলক বিধি-বিধান দূর করে সকল শিক্ষার্থীদের জন্যে আইনের সমতা এবং শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগ ও বৈষম্যহীনতা নিশ্চিতের লক্ষ্যে একটি লিঙ্গ অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রণয়নের জন্যে সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও; অদ্যাবধি নীতিমালাটি প্রণয়ন করা হয় নি। বর্তমানে মামলাটি শুনানির জন্যে অপেক্ষমাণ রয়েছে ।

০৮ মার্চ ২০২৫ – আন্তর্জাতিক নারী দিবস এর কর্মসূচীসমূহ:

আজ ০৮ মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ব্লাস্ট এর উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন করা হয়েছে। গত ৭ মার্চ ২০২৬ কড়াইলে, ৮ মার্চ বাউনিয়াবাদ এবং ফরিদপুরে রিক্সা র‌্যালির আয়োজন করা হয়। পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরে জেলা শহরে নারী অধিকার বিষয়ে সচেতনতা সভা, মানববন্ধন, র‌্যালি, উঠান বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে ব্লাস্ট কিশোর-কিশোরী দলের সদস্য; প্যরালিগ্যাল, সিবিও-সিএসও প্রতিনিধিবৃন্দ, মানবাধিকার কর্মীগণ অংশগ্রহণ করেন।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ই-মেইল: communication@blast.org.bd