০৫ মার্চ ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ধর্ষণসহ সকল যৌন ও লিঙ্গ ভিত্তিক সহিংসতার ভুক্তভোগীর দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের দাবি ধর্ষণ আইন সংস্কার জোটের

ধর্ষণ আইন সংস্কার জোট (Rape Law Reform Coalition–RLRC) আয়োজনে এক সংবাদ সম্মেলন আজ ০৫ মার্চ ২০২৬ তারিখ “ধর্ষনের ঘটনায় ভুক্তভোগীর সুরক্ষা” বিষয়ক একটি সংবাদ সম্মেলন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দেশে নারী ও শিশুদের প্রতি সংঘটিত ধর্ষণ, অপহরণ, হত্যা ও নৃশংস সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোট অবিলম্বে সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং কার্যকর আইন সংস্কারের দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, নরসিংদীর মাধবদী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, পাবনার ঈশ্বরদী এবং চট্টগ্রামের সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রতিক ধর্ষনের ঘটনাসমূহ দেশের নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এ সকল ঘটনায় ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি এ ধরনের সহিংসতা বাংলাদেশের সংবিধানের ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী। একইসাথে, বিদ্যমান আইন বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (CEDAW)-এর চেতনার সাথেও সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে ধর্ষণ আইন সংস্কার জোট তাদের পূর্বঘোষিত ‘ধর্ষণ আইন সংস্কার এখনই’ প্রচারণার প্রেক্ষাপট তুলে ধরে ১০ দফা দাবি পুনর্ব্যক্ত করে। সংবাদ সম্মেলনে প্রস্তাবিত দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো:

• সাম্প্রতিক সহিংসতার ঘটনাসমূহের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা

• ভুক্তভোগী, তাদের পরিবার ও সাক্ষীদের সুরক্ষা এবং যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা

• সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা

• মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে ধর্ষণের সংজ্ঞা বৈষম্যহীনভাবে সম্প্রসারণ

• প্রতিবন্ধী ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন

• ধর্ষণ মামলায় ভুক্তভোগীর চরিত্রগত সাক্ষ্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং সাক্ষ্য (সংশোধিত) আইন, ২০২২ এর ১৪৬(৩) ও ১৫১ ধারার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা

• স্বাস্থ্যসেবা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা

• প্রয়োজনীয় সংশোধনী সংযোজন করে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-কে আইনে রূপান্তর করা

ধর্ষণ আইন সংস্কার জোট নব-নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলে, সংবিধানের সুষ্ঠু প্রতিপালন এবং বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনের শাসন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে দৃঢ় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন, নারীপক্ষ ‘র সদস্য কামরুন নাহার, উপস্থাপনা করেন এডভোকেট আয়েশা আক্তার, লিগ্যাল স্পেশালিস্ট, ব্লাস্ট এবং আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ফোকাল পারসন, ধর্ষণ আইন সংস্কার জোট। এছাড়াও জোটের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন, রওশন আরা চৌধুরী, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, Women with Disabilities Development Foundation (WDDF), মাহবুবা আক্তার, পরিচালক, এডভোকেসি ও কমিউনিকেশন, ব্লাস্ট, জাকিয়া আনারকলি, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, শ্বাশতী বিপ্লব, সহযোগী পরিচালক, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং জেন্ডার জাস্টিস ও ডাইভারসিটি কর্মসূচি, ব্র্যাক এবং সমাপনী বক্তব্য প্রদান করেন এডভোকেট মাসুদা রেহানা রোজী, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ।

বার্তা প্রেরক,

ধর্ষণ আইন সংস্কার জোট এর সচিবালয়ের পক্ষে

কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ই-মেইল: communication@blast.org.bd

আরো তথ্য জানতে দেখুন –

Web: https://blast.org.bd/campaigns/rape-law-reform-now/

Facebook:https://www.facebook.com/rapelawreformcoalition

Email: rlrcoalition@gmail.com