০৩ মার্চ ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি
সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের শিশুকে ধর্ষণ এবং গলা কেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে ধর্ষণ আইন সংস্কার জোট। একইসাথে, এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীর পরিবারের সার্বিক সুরক্ষাসহ ন্যায়বিচার নিশ্চিতের জোরালো দাবি জানাচ্ছে এ জোট।
গত ২ মার্চ ২০২৬ তারিখ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায় যে, গত ১ মার্চ রবিবার আনুমানিক বেলা ২ টায় চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের গভীর অরণ্য থেকে টলমল পায়ে রক্তাক্ত অবস্থায় সাত বছর বয়সী একটি শিশুকে রাস্তার দিকে হেঁটে আসতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, শিশুটির শ্বাসনালী কাটা ছিল এবং পরনের কাপড় রক্তে ভেজা থাকলেও দেহের নিচের অংশে কোনো পোশাক ছিল না। প্রাথমিক আলামত ও পোশাকের অবস্থা দেখে চিকিৎসকরা ধারণা করেছিলেন- শিশুটি নৃশংসভাবে ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি বর্তমানে সীতাকুণ্ড থানায় তদন্তাধীন অবস্থায় রয়েছে।
শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেছে।
রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল ধরণের সহিংসতা হতে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতের বিষয়ে রাষ্ট্রীয় বাধ্যবাধকতা রয়েছে। এছাড়াও এ ধরণের সহিংসতা বিদ্যমান আইন বিশেষত নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ বিষয়ক জাতিসঘের সনদ (সিডও) এর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।
পরিশেষে, এ ধরণের সহিংসতার পুনরাবৃত্তি রোধে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে দেশে আইনের শাসন ও ভুক্তভোগীর ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালনের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আবেদন জানাচ্ছে ধর্ষণ আইন সংস্কার জোট।
আরো তথ্য জানতে দেখুন –
Web: https://blast.org.bd/campaigns/rape-law-reform-now/
Facebook:https://www.facebook.com/rapelawreformcoalition
Email: rlrcoalition@gmail.com
প্রয়োজনে যোগাযোগ করুন
ধর্ষণ আইন সংস্কার জোট এর সচিবালয়ের পক্ষে
কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
ই-মেইল: communication@blast.org.bd
