০৩ মার্চ ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির অভিযোগে ৩ নারীর চুল কেটে গাছে বেঁধে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাচ্ছে ব্লাস্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির অভিযোগে গত ২ মার্চ তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে যা একটি গুরুতর অপরাধ এবং সম্পূর্ণরূপে সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। ব্লাস্ট এ ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানাচ্ছে। ইতোমধ্যে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের দাবি জানাচ্ছে ব্লাস্ট।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, সোমবার ০২ মার্চ ২০২৬ তারিখ দুপুরে রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার বাড়িতে সোনার চেইন চুরির অভিযোগে ওই তিন নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেছেন স্থানীয় কয়েকজন পুরুষ। পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম বলেন, পুলিশের কাছে ওই তিন নারী চুরির অভিযোগ অস্বীকার করেছেন এবং কাজের খোঁজে ওই বাড়িতে গিয়েছিলেন বলে তাঁরা জানিয়েছেন। রূপগঞ্জ থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে, বর্তমানে নির্যাতনের ভুক্তভোগী ওই তিন নারী পুলিশের হেফাজতে আছেন।

সংবিধানের ৩৫ (৫) ধারা অনুযায়ী, সব ধরেনর নিষ্ঠুর ও অমানবিক সাজা নিষিদ্ধ করা হয়েছে। ২০১০ সালে মাননীয় হাইকোর্ট বিভাগ এক ঐতিহাসিক রায়ে বিচার বহির্ভূত শাস্তির নামে যে কোনো ধরনের শারীরিক শাস্তি, সামাজিক নিপীড়ন ও বিচারবহির্ভূত দণ্ডকে সম্পূর্ণ অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করেছেন”।

বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে নারীর প্রতি সহিংসতা নিরসন, নারীর সুরক্ষায় সুদৃঢ় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে। এ প্রেক্ষিতে, এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বিচারবহির্ভূত শাস্তি ও নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ব্লাস্ট।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ই-মেইল: communication@blast.org.bd