০৫ জানুয়ারি ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি
রাজধানীতে একজন নারীকে বেঁধে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা, বিচার ও জবাবদিহিতার দাবি জানাচ্ছে ব্লাস্ট
ঢাকার গুলশান থানাধীন নদ্দা এলাকায় শুক্রবার সকালে একজন নারীকে খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে শারীরিক নির্যাতন ও জোরপূর্বক ঠান্ডা পানি ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে পড়েছে যা একটি গুরুতর অপরাধ এবং সম্পূর্ণরূপে মানবাধিকার পরিপন্থী। ব্লাস্ট এ ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের যথাযথ বিচারের দাবি জানাচ্ছে। ইতোমধ্যে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের দাবি জানাচ্ছে ব্লাস্ট।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ২ জানুয়ারি ২০২৬ তারিখে চুরির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেয় এবং এই নারীকে ‘শাস্তি’ হিসেবে খুঁটিতে বেঁধে গায়ে পানি ঢেলে তাঁকে নির্মমভাবে অপমান ও নির্যাতন করে। প্রতিবেদন অনুযায়ী, দল বেঁধে ওই নারীর নির্যাতন দেখতে থাকা কেউ একজন, ভিডিও করে ফেসবুকে পোস্ট করে ছড়িয়ে দেন কিন্ত তাৎক্ষনিক ভাবে তাঁকে কেউ উদ্ধার করতে এগিয়ে আসেনি।
ব্লাস্ট এর এডভোকেসি ও কমিউনিকেশন বিভাগের পরিচালক, মাহবুবা আখতার বলেন “কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও তাঁকে শাস্তি দেওয়ার এখতিয়ার কেবলমাত্র আইন ও আদালতের, ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এ ধরনের ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়া সম্পূর্ণ ভাবে বেআইনি। ২০১০ সালে মাননীয় হাইকোর্ট বিভাগ এক ঐতিহাসিক রায়ে বিচার বহির্ভূত শাস্তির নামে যে কোনো ধরনের শারীরিক শাস্তি, সামাজিক নিপীড়ন ও বিচারবহির্ভূত দণ্ডকে সম্পূর্ণ অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করেছেন”।
এ প্রেক্ষিতে ভুক্তভোগী নারীকে দ্রুত শনাক্ত ও উদ্ধার করে তাঁর নিরাপত্তা, চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করা, ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে ব্লাস্ট। একই সাথে ভবিষ্যতে এ ধরনের বিচারবহির্ভূত শাস্তি ও নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ও দাবি জানাচ্ছে ব্লাস্ট। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের প্রতি ব্লাস্ট আহ্বান জানাচ্ছে যে, যেন তারা তাদের নির্বাচনী ইশতেহারে নারীর প্রতি সহিংসতা নিরসনে সুনির্দিষ্ট অঙ্গীকার, আইন বাস্তবায়ন, কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিতকরণ এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও সহায়তার জন্য বাস্তবভিত্তিক পদক্ষেপ স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করে।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
ই-মেইল: communication@blast.org.bd
