১৯ ডিসেম্বর ২০২৫ইং

সংবাদ বিজ্ঞপ্তি

ওসমান হাদির হত্যার তদন্ত এবং বিচার, ১৮ ডিসেম্বর গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা সহ ময়মনসিংহে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছে ব্লাস্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের যথাযথ বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে ব্লাস্ট।

একইসঙ্গে গতকাল এ ঘটনার সূত্রধরে বিক্ষোভের মধ্যে এবং সামাজিক গণমাধ্যমে কয়েকটি গোষ্ঠী এবং ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যাচার ও বিদ্বেষ ছড়িয়ে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও নালন্দা স্কুলসহ বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানের ওপর সম্পূর্ণ বেআইনিভাবে হামলা এবং অগ্নিসংযোগ করার ডাক এবং পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে ব্লাস্ট।

ওসমান হাদির হত্যাকাণ্ড এবং সংশ্লিষ্ট সব হামলার ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে এবং প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। একইসঙ্গে ভুক্তভোগী পরিবার ও গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

এছাড়াও একই রাতে ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের একজন যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি, যা আইনের শাসন, ধর্মীয় সহনশীলতা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করতে জরুরি তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ব্লাস্ট।

একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে মতপ্রকাশের স্বাধীনতা ও সংস্কৃতিচর্চার অধিকার সুরক্ষিত রাখতে হবে। ভিন্নমতের প্রতি সম্মান বজায় রেখে এবং ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতায় উসকানি নিষিদ্ধ করার স্পষ্ট সীমারেখার মধ্যেই মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন।

ব্লাস্ট দৃঢ়ভাবে বিশ্বাস করে, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন নিশ্চিত না হলে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। ওসমান হাদির হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর সুষ্ঠু বিচারই কেবল ন্যায়বিচার ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।


বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ,

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ই-মেইল: communication@blast.org.bd

**ছবি কৃতজ্ঞতা: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, Syed Zakir Hossain/TBS এবং ফাইল ফটো।