৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া সহিংসতার প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয় কর্তৃক প্রদত্ত সুপারিশগুলোর মধ্যে বিশেষ করে ভুক্তভোগীর পরিবার ও ভুক্তভোগীকেন্দ্রিক সেবা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করা সহ চিকিৎসা ও মনো-সামাজিক সহায়তাসহ সকল সেবা নিশ্চিত করার দাবি জানাচ্ছে ব্লাস্ট।
এছাড়াও, জুলাই গণ-অভ্যুত্থানে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে অদ্যবধি দেশে যে সকল সহিংসতার ঘটনা ঘটছে তার সুষ্ঠু তদন্ত এবং যথাযথ বিচার নিশ্চিত করা জরুরি। উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক বা স্বার্থসংশ্লিষ্ট কারণে হয়রানিমূলক মামলা, গণগ্রেফতার, দেশের বিভিন্ন স্থানে সংঘবদ্ধ সহিংসতা (মব ভায়োলেন্স), অনলাইন এবং অফলাইনে নারী ও শিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, মিথ্যা ও অপতথ্যের মাধ্যমে হয়রানি, সাংস্কৃতিক কর্মী বিশেষ করে বাউল শিল্পীর প্রতি সহিংসতা, আদালতে বিচারপ্রার্থীদের প্রতি প্রাণঘাতী হামলা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত-সংক্রান্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে ব্লাস্ট।
উল্লেখ্য যে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, অতি সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশক্রমে ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন শুরু করেছে, যা প্রশংসনীয় একটি উদ্যোগ। লাশগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর নিহতের পরিবারবর্গ তাদের স্বজনদের মৃতদেহ স্ব স্ব রীতি-নীতি মেনে তা যেন পুনঃসৎকার করতে পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছে ব্লাস্ট।
আরও উল্লেখ্য যে, বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিগত তিন মাসে সারা দেশে ৬৩৬জন নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে। এই পরিসংখ্যান সমাজে নারী ও শিশুর নিরাপত্তাহীনতা ও তাদের প্রতি সহিংসতাকে স্পষ্টভাবে তুলে ধরে। এছাড়াও সহিংসতার শিকার নারী ও শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠীদের জন্য ন্যায়বিচারে প্রবেশগম্যতা ক্রমাগত নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে।
এবারের আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫-এর প্রতিপাদ্য “মানবাধিকার: প্রতিদিনের জীবনে অপরিহার্য”–এর চেতনাকে সমুন্নত রেখে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যে, সবার মানবাধিকার, আইনের শাসন ও সাংবিধানিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে অবিলম্বে জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক। এই প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের সকল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী-কেন্দ্রিক সেবা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে ব্লাস্ট।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
ই-মেইল: communication@blast.org.bd
